জামালপুর প্রতিনিধি
ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে জামালপুরে প্রান্তিক খামারিদের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পিটিআই মসজিদের সামনে থেকে প্রান্তিক পর্যায়ের খামারিদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে রাজু এন্টারপ্রাইজের মালিক খামারী রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন খামারী মাসুদ মিয়া, শিপন মিয়া, সোহেল মিয়া, জুয়েল, শামীমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দেশে আমিষ ও ডিমের মোট চাহিদার প্রায় ৮০ ভাগই পূরণ করেন প্রান্তিক খামারিরা। অথচ বড় কোম্পানিগুলো খাদ্যের দাম নিজের মতো বাড়িয়ে দেয় এবং ডিম ও মুরগির বাচ্চার দাম কমিয়ে দেয়। এতে প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।
তারা বলেন, পোল্ট্রি খাতকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিত না হলে প্রান্তিক খামারিদের বাঁচানো সম্ভব নয়। বক্তারা শিগগিরই দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

