একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
ভয়াবহ নদী ভাঙনের কারণে সুনামগঞ্জ শহরতলীর
পূর্ব ইব্রাহীমপুর গ্রামের যাতায়াত সড়ক ভেঙে যাওয়ায় গ্রামটি বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
২০০৭ সাল থেকে এই ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। ভাঙনের ফলে সড়ক, পারিবারিক কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামের পূর্ব পাড়ার মানুষ এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন।
শিক্ষার্থী, চাকরিজীবী, ও কর্মজীবীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় অথবা ধসে যাওয়া বিপজ্জনক পথ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বয়স্ক মুসল্লিদের মসজিদে যাতায়াতেও চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা জগলুল আহমদ, রাসেল মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম বাবুলসহ অন্যান্যরা জানান, ১৮ বছরে প্রায় ৮০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়েছে। তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলার কারণে স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, দ্রুত স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না নিলে পুরো গ্রামটিই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সদয় দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, পূর্ব ইব্রাহীমপুরে ভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে এবং পানি কমলে আরও বস্তা ফেলা হবে। যাতায়াত সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত বস্তা ফেলার ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

