পটুয়াখালী প্রতিনিধি
নির্বাচন কমিশন যখন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা দলীয় শৃঙ্খলাভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে পটুয়াখালী–১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে নতুন প্রার্থী।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এই ঘোষণা দেন। তিনি জানান, ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নির্দেশে এবং জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
দলীয় সূত্র বলছে, হাওলাদারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অনুসন্ধান চলছিল। তবে তাঁর স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রকৃতি, সময় বা সুনির্দিষ্ট অভিযোগ সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি। অভিযোগের বিস্তারিত গোপন রাখায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে; বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এই হঠাৎ সিদ্ধান্ত দলটির ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
এদিকে একই ঘোষণায় পটুয়াখালী–১ আসনে নতুন প্রার্থী হিসেবে জেলা শাখার সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীর নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা সভাপতি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি ছাড় পাবে না।
কিন্তু বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ না করায় জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দলীয় সিদ্ধান্তের আড়ালে কী ঘটেছে এ নিয়ে নানা জল্পনা দানা বাঁধছে।

