Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় এক রাতে ২ এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক রাতে দুইটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত মোট ১৪ লাখ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রায় ২৫ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স এবং মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এ চুরি সংঘটিত হয়।

সিটি ব্যাংক এজেন্ট সঞ্জিত হালদার জানান, তার প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি হয়েছে।

মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, “আমার দোকান থেকে ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেক এবং নগদ অর্থ চুরি গেছে।”

বাজারে দায়িত্বে থাকা নৈশপ্রহরী সমর আলী জানান, রাতের গভীরে একটি পিকআপ বাজারে আসে এবং সেখানে থাকা লোকজন গাড়ির চাকা মেরামতের চেষ্টা করছিল। তিনি মনে করেছিলেন পিকআপটি নষ্ট হয়েছে। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। “এরপর কি হয়েছে, তা বলতে পারব না,” বলেন তিনি।

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, “নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করি দ্রুত তদন্ত করে চোরদের গ্রেপ্তার করা হবে।”

কোটালীপাড়া থানার এসআই মো. মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।