মুন্সীগঞ্জ প্রতিনিধি
“তরুণ সমাজের ঐক্য ও সততাই পারে একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য। পারিবারিক মূল্যবোধ ও ব্যক্তিগত সততার সমন্বয়েই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দিবসের কর্মসূচিতে বক্তারা দুর্নীতি দমন, ন্যায় ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সততার পথে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

