Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় মুক্তিপণের দাবিতে আক্কেলপুরের তিন বাংলাদেশি অপহৃত: পরিবারগুলোতে আতঙ্ক

জয়পুরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

লিবিয়ায় আবারও বাংলাদেশি প্রবাসীদের উপর নেমে এসেছে দুঃসহ নির্যাতন ও মুক্তিপণের ভয়াবহ চাপ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিনজন প্রবাসীকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা তাদের নির্যাতনের ভিডিও ও অডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। ইতোমধ্যে দুটি পরিবার বাধ্য হয়ে কিছু টাকা পাঠালেও মুক্তিপণ দাবি কমছে না বরং বাড়ছে।

অপহৃত তিনজন হলেন—রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের গোলাম রব্বানী, পুন্ডুরিয়া দক্ষিণ মণ্ডলপাড়ার আব্দুল করিম মণ্ডল এবং সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের রুহুল আমিন। এর মধ্যে গোলাম রব্বানীকে প্রায় ১৫ দিন আগে এবং বাকি দু’জনকে ৬–৭ দিন আগে তুলে নেওয়া হয়। রুহুল আমিন ও আব্দুল করিম পরস্পরের শালা–ভগ্নিপতি।

অপহৃত গোলাম রব্বানীর স্ত্রী মোছাঃ জুথি আক্তার জানান, ২০১৫ সালে লিবিয়ায় যাওয়া তার স্বামী কাজ শেষে দেশে ফিরে আবারও গত বছর নভেম্বরে সেখানে যান। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় স্বামীর ফোন থেকেই কল আসে। কলকারী জানায় গোলাম রব্বানীকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে। টাকা পাঠাতে বলা হয় ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একটি নির্দিষ্ট হিসাব নম্বরে। পরদিন পাঠানো হয় তার স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় নির্যাতনের ভয়ংকর ভিডিও।

হতভম্ব জুথি আক্তার বলেন,”১৫ দিন ধরে স্বামীর মুখ দেখতে পারছি না। আবার ১৫ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। মানুষটা বেঁচে আছে কি না জানি না।”

তিনি ইতোমধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আনুষ্ঠানিক আবেদন করেছেন।

অপহৃত আব্দুল করিমের স্ত্রী তাসলিমা বিবি জানান, দীর্ঘ ১৩ বছর ধরে লিবিয়ায় থাকা তার স্বামী শেষ ছুটিতে দেশে এসেছিলেন। সাত মাস আগে ফের লিবিয়ায় ফিরলেও ৬ ডিসেম্বর ‘রঙের কাজ করানোর’ কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে তাকে আটকে রেখে ফোনে ৩০ লাখ টাকা দাবি করা হয়।

তিনি বলেন,”আমরা কষ্ট করে কিছু টাকা পাঠিয়েছি। কিন্তু এখনো আরও টাকা চাইছে। না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

রুহুল আমিনের স্ত্রী আছিয়া বেগম জানান, কাজের কথা বলে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বামী একটি গাড়ির ছবি পাঠান। পরদিন নির্যাতনের ভয়ংকর অডিও পাঠিয়ে ৩০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

তিনি বলেন,”অনেক কষ্টে এক লাখ টাকা পাঠিয়েছি। এখন তারা আরও ১২ লাখ টাকা দাবি করছে। স্বামীকে বাঁচাতে আর কত কিছু করতে হবে জানি না।”

আক্কেলপুর থানার এসআই গণেশ চন্দ্র বলেন,”গোলাম রব্বানীর স্ত্রী এসে নির্যাতনের ভিডিও দেখান। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে উর্ধ্বতনদের জানাচ্ছি।”

লিবিয়ায় মানবপাচার চক্রের ভয়াবহ দৌরাত্ম্য এবং প্রবাসী শ্রমিকদের নিরাপত্তাহীনতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনা। বিপর্যস্ত পরিবারগুলোর একটাই দাবি—“যেভাবেই হোক আমাদের স্বজনদের দেশে ফিরিয়ে দিন। আমরা তাদের শুধু জীবিত দেখতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।