নওগাঁ প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়া, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান হয় না। নির্ধারিত সময়ে কোনো কোনো শিক্ষক কলেজের বাইরে আড্ডা দিয়ে সময় কাটান। আবার অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। শিক্ষকদের এমন দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে পরীক্ষার ফলাফলেও।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের এসব অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তাঁরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও কামনা করেন।
এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর প্রতিষ্ঠানটির জেনারেল ও ভোকেশনাল—দুটি শাখা থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৫ জন। পরীক্ষার্থীদের অধিকাংশই কর্মজীবী হওয়ায় আশানুরূপ ফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছেন তিনি।

