মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের সময় গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নূর আলম গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। ওই শিশুকে পড়ানোর সূত্র ধরেই তার মায়ের সঙ্গে পরিচয় হয় নূর আলমের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং শারীরিক সম্পর্কে জড়ান তাঁরা। এ সময় গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি বলে পুলিশের অভিযোগ।
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে তাঁদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তিনি। তাঁর সঙ্গে দেখা করার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি ধারণ করা আপত্তিকর ভিডিওটি অনলাইনে গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে পাঠান। দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তথ্য পাওয়ার পর রোববার বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান চালায়। পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, এসআই আবুল কালাম আজাদ বিপিএম ও এসআই রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

