ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন আল হাইথাম কল্যাণ ট্রাস্ট।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার খরসতি ঈদ মাঠে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। বিশেষ অতিথি ছিলেন তাঁর বাবা মোহাম্মদ শাহ, মা ও সহধর্মিণী।
ক্যাম্পে মেডিসিন, চক্ষু, গাইনি, কার্ডিওলজি, ডায়াবেটিস ও হরমোন এবং মা ও শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে ট্রাস্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু গ্রামের অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাব কিংবা দূরত্বের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। তাঁদের কাছে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই ট্রাস্টের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানবসেবার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।

