জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ ব্যারিকেড স্থাপন করে।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি )যমুনার সামনে নিহত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন অবস্থান নেন। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ কর্মী জড়ো হন।
বেলা সাড়ে তিনটার দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে। পরে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ চালানো হয়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করে। এতে আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমাসহ অনেকেই আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আহত অর্ধশতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি। আহতদের মধ্যে মোশাররফ (৩২) নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন এবং জলকামানের ক্ষতি করার চেষ্টা চালান। জননিরাপত্তার স্বার্থে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিলটি শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। পরে সন্ধ্যা থেকে শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা।

