স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়া গ্রামে গাছ থেকে পড়ে বিল্লাল ফকির (৪৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ফকির ওই গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে গাছ ব্যবসায়ী আজাহার উদ্দীনের কেনা গাছ কাটার জন্য বিল্লাল ফকির একই গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যান। তিনি একটি মেহগনি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, গাছ থেকে পড়ে বিল্লাল ফকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

