Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কাজের মধ্য দিয়েই চেষ্টার প্রতিফলন দেখানো হবে: বাণিজ্যমন্ত্রী

মো. সাদ্দাম হোসেন, সিলেট জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

মো. সাদ্দাম হোসেন, সিলেট জেলা প্রতিনিধি

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে পর্বতসম চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে এগোতে হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে কাজের মাধ্যমেই সরকারের চেষ্টার প্রতিফলন দৃশ্যমান হবে।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মসজিদ-এ জুমার নামাজ আদায়, কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত দেড় দশকে দেশের বাণিজ্যিক অবকাঠামো ও ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকিং খাত বিপর্যস্ত হয়েছে এবং অর্থনীতিতে বিনিয়োগের গতি ছিল স্থবির। বাংলাদেশ একটি বিকাশমান অর্থনীতি উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। তাদের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা না যাওয়ায় দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সৃষ্টিতে ঘাটতি তৈরি হয়েছে। গত তিন বছরে এই স্থবিরতা আরও প্রকট আকার ধারণ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পেরেছে, যা ইতিবাচক অগ্রযাত্রার সূচনা। মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী থাকায় এ অঞ্চলের প্রতি দায়িত্ব আরও বেড়েছে। সিলেটের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা—বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, পর্যটন অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি—অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টিকে থাকতে হলে দেশের শিল্প ও বাণিজ্য খাতকে প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করছে। ট্যারিফ কাঠামোর পরিবর্তনের কারণে চাপে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বন্ধ শিল্পকারখানা চালু প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

পরে মন্ত্রীদ্বয় হযরত শাহপরান (রহ.) দরগাহ ও গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করেন এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।