একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদীবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।
সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক অংশ নেন।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের সময় প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা আদায় করা হচ্ছে। তাদের দাবি, এভাবে অতিরিক্ত শুল্ক আদায়ের ফলে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন এবং অনেকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বক্তারা আরও বলেন, সুনামগঞ্জের বিভিন্ন নদীবন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের জীবিকা হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা।
তারা বলেন, গেজেটে নির্ধারিত শুল্ক অনুযায়ী তারা অর্থ পরিশোধ করতে প্রস্তুত। এর বাইরে কোনো অতিরিক্ত শুল্ক তারা দেবেন না।
মানববন্ধন থেকে বক্তারা অতিরিক্ত শুল্ক আদায় দ্রুত বন্ধের দাবি জানান। অন্যথায় পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি, এমনকি ঘেরাও কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন তারা।

