আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা শনিবার (২১ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত দুপুর সাড়ে ১২টার দিকে পারুলিয়া ও সখিপুর বাজারে পরিচালিত হয়। ইউএনও মিলন সাহা দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে বাজার মনিটরিং করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৫ ধারায় মোট তিনটি মামলায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও বলেন, “পবিত্র রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা লাভ করতে না পারে এবং খাদ্যপণ্য ভেজালমুক্ত থাকে। এই মাসের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। পণ্যের মূল্য বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

