সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে প্রায় ১২০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা ঘাটে এ উৎসব অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ।
স্থানীয়দের ঐতিহ্য অনুযায়ী, দুর্গাপূজার বিসর্জনের পরদিন প্রতিবছর এ ঘাটে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর বাইচালদের ‘হেইওরে, হেইওরে’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মধুমতি নদী। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও প্রবীণদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মেলা উপলক্ষে বসে নানা ধরনের দোকান। মাছ-মাংস, মিষ্টি, চানাচুর, গ্রামীণ পণ্য, মাটির খেলনা ও প্রসাধনীর দোকানের পাশাপাশি ছিল নাগরদোলাসহ শিশুদের বিনোদনের নানা আয়োজন। এ মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনা বাড়ে, যা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখে।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি নৌকাবাইচ উপভোগ করেন এবং পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ সময় মন্ত্রী বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী এ মেলা এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। সরকার দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচারকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে পুনরুজ্জীবিত করছে। এ ধরনের উৎসব বেশি বেশি আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা হবে।
স্থানীয় আয়োজকেরা জানান, এ মেলা এলাকার অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ। প্রজন্ম থেকে প্রজন্মে এ ঐতিহ্য ধরে রাখতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

