কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি গলদা চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার চিংড়ি মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আরিফ সিকদার কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেংরাখালী গ্রামের মৃত ছবেদ আলী শিকদারের ছেলে আরিফ সিকদার দীর্ঘদিন ধরে মঘিয়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে ২০ কাঠার একটি জলাশয়ে গলদা চিংড়ির ঘের পরিচালনা করে আসছিলেন।
ভুক্তভোগী আরিফ সিকদারের অভিযোগ, গত ২২ অক্টোবর রাতে একদল দুর্বৃত্ত তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে। পরে ঘেরে থাকা বিক্রির উপযোগী বড় আকারের চিংড়ি মাছগুলো লুট করে নিয়ে যায়। বিষক্রিয়ায় ঘেরে থাকা অবশিষ্ট ছোট মাছও মারা যায়। এতে ঘেরের মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ ঘটনায় তাঁর প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। আকস্মিক এ ঘটনায় তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন।
এ বিষয়ে আরিফ সিকদার বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

