আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার দেবহাটা উপজেলাব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবন। পারুলিয়া ফেয়ার মিশনের পরিচালক ও সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য ও বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ এবং সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
প্রচারণার আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বক্তারা বলেন, ডেঙ্গুর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক তাহাজ্জাত হোসেন হিরু আশা প্রকাশ করেন, এ প্রচারণার মাধ্যমে উপজেলার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়বে এবং রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।

