স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই সময় দলের সমর্থকরা “জয় বাংলা – জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন। ঘটনায় নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীম।
দুপুরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়লে এলাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। গত ৫ আগস্ট থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর দীর্ঘদিন কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার সকালে কাজী আলীমের নেতৃত্বে ১০-১২ জন স্থানীয় নেতা-কর্মী “জয় বাংলা – জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে – বাংলাদেশ হাসবে” স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীম বলেন, “একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছি। এ ঘটনায় যদি আমার ফাঁসি হয়, তাতে কোনো আপত্তি নেই।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

