Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে প্রধানগণকে নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর জেলার বিভিন্ন দপ্তরে প্রধানের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন।

সভায় অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের বলেন, আমরা অতীতের মত কোন দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না। আপনারা নির্ভয়ে রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করছেন; এই বোধের জায়গাটা ঠিক রেখে কাজ করুন। রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিশেষ আনুকূল্য পাওয়ার কোন সুযোগ নেই।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি স্পষ্টভাবে বলেন, মানুষ সমাধান চায়। সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধান নিয়ে চিন্তা করুন। জনগণের সাথে সংযোগ স্থাপন করুন। ভুক্তভোগীরা জানেন কোথায় তাদের দুর্ভোগ হচ্ছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনারা অনেকেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যশোরে এসেছেন। আপনারা অনির্বাচিত সরকার দেখেছেন আবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছেন। আপনাদের মনে রাখতে হবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের পবিত্র দায়িত্ব পালনকালে আপনাদের সেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মাহে রামজানের প্রথম দিনে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিছু বিষয়ে মানবিক হতে হবে। অতি উৎসাহ নিয়ে কিছু করা যাবে না। অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন। কিন্তু রমজানের শুরুতে মানুষের পেটে লাথি মারা কেনো! তাদের জন্য বিকল্প পথ আমাদের ভাবতে হবে।

মতবিনিময় সভায় এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ, সমবায় বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের যশোরে কর্মরত উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন নদ নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মুক্তেশ্বরী নদীর জমি দখল করে প্লট করা হয়েছে। এটি খুবই দুঃখজনক এবং দেশের সম্পদ কাউকে দখল করতে দেয়া যাবে না। তিনি প্রসঙ্গক্রমে বলেন, আমি আপনাদের বলছি; আপনারা নির্ভয়ে কাজ করবেন। আমার দলের কোন নেতার দ্বারা আপনাদের বিব্রত হতে হবে না। কোন ধরণের সমস্যা তৈরি হবে না। আপনারা ফ্যাসিস্ট আমলের চিন্তা ধারা ভুলে যান। নির্ভয়ে কাজ করুন এবং কোথাও কোন বাঁধার সম্মুখীন হলে সরাসরি আমাকে জানাবেন।

মতবিনিময় সভায় উপস্থিত জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই অস্থিতিশীল হতে দেয়া যাবে না। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত যশোর গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার। আমি সেটি আপনাদের সহযোগিতায় করতে চাই।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সকল সরকারি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা আমাদের নির্বাচনী ইশতেহার বিবেচনা করবেন। এটি নিছক কোন অঙ্গীকার নয়। এটা জনগণের সাথে আমাদের সামাজিক চুক্তি। এবং নির্বাচনে জিতে আমরা যেহেতু সরকার গঠন করেছি; সেহেতু এটা রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং আপনাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। অসৎ চিন্তা এবং অসৎ উদ্দেশ্য থাকলে চলবে না।

সভা শেষে পৌর কর্তৃপক্ষের সাথে আলাদা একটি মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রুত সমস্যাগুলো চিহ্নিতকরণের জন্য বলেন। এবং শহর যেন সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে তিনি বলেন, এই শহরের সড়ক বাতিগুলো কোথায় ঠিকমত জ্বলছে, কোথায় জ্বলছে না সেগুলো চিহ্নিত করুন এবং সমাধান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।