মো.সাদ্দাম হোসেন,সিলেট প্রতিনিধি
খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী, বলেছেন, “আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব, ধারণ করব এবং তা দিন দিন বৃদ্ধি করব। সিলেটের জন্য যে কাজগুলো করব, তা কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং সবার কল্যাণে করা হবে।”
তিনি বলেন, “সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার হলে তা কেবল একজনের নয়, পুরো সিলেটের জন্য সুফল বয়ে আনবে। সিলেটে পানির সমস্যা সমাধান হলে পুরো সিলেটবাসী উপকৃত হবে। তাই আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতে কাজ করব।”
সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, সিলেটের জীবনমান উন্নয়নে সব কাজ আগামী দিনে দৃশ্যমান হবে।
বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এবার দায়িত্ব নেওয়া হয়েছে রোজার একদিন আগে। তবে পর্যাপ্ত খাদ্য মজুদ ও ভোগ্যপণ্যের সরবরাহ থাকায় দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রধানত আমদানি নির্ভর ভোগ্যপণ্য, যা রমজানে বেশি ব্যবহৃত হয়, তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথাও উল্লেখ করেন।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা হাবীবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

