নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনজন ইফতারি ও মিষ্টি বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মো. শাহনেওয়াজ এবং মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ইফতার সামগ্রীর মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

