তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল মালেক, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সমাজের ধনী-গরিবের বৈষম্য দূর করে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
সেমিনার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

