ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সুবিদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফাইনালে টেনশন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দশআনি একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভিড় জমে।
ফাইনাল খেলায় সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সুবিদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আকাশ বলেন, “একমাত্র খেলাধুলাই পারে তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে। তরুণদের মেধা, মনন ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, অতিথি, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক কমিটি।

