Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেলা পরিষদের দুর্নীতি তদন্তে দুদক, ৬ বছরের নথি তলব

যশোর প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে গত ছয় বছরের বিভিন্ন প্রকল্পের বরাদ্দপত্র, রেকর্ডপত্র ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি।

গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কৃষ্ণপদ বিশ্বাস জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়ে একটি পত্র পাঠান।

পত্রে বলা হয়, সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামান, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার এবং অফিস সহায়ক সরোয়ার উদ্দিনের বিরুদ্ধে বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এসেছে। অভিযোগের মধ্যে রয়েছে সড়ক ও মহাসড়কের সরকারি হাজার হাজার গাছ বিক্রিতে অনিয়ম, বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাত, নিয়োগ বাণিজ্য, ভূমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা লোপাট এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নথিপত্র চেয়েছে। এর মধ্যে রয়েছে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জমি, দোকান, মার্কেট ও ভবন বরাদ্দ সংক্রান্ত নীতিমালা, সার্কুলার ও বিধি-বিধানের সত্যায়িত অনুলিপি, উপজেলাভিত্তিক বরাদ্দকৃত জমি ও দোকানের তালিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের রেকর্ড।

এছাড়া ২০২৪ সালে নিলামে বিক্রি করা জেলা পরিষদের একটি প্রাডো গাড়ির বিক্রি সংক্রান্ত রেকর্ডপত্র, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কল্যাণ তহবিল থেকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণ করা অর্থের হিসাব, আবেদনপত্র ও ব্যাংক হিসাব বিবরণীও চাওয়া হয়েছে। কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন থাকলে সেটিও জমা দিতে বলা হয়েছে।

দুদক আরও চেয়েছে চৌগাছা উপজেলার স্বরুপদহা হাফিজিয়া মাদ্রাসা ও স্বরুপদাহ সরদারপাড়া ঈদগাহের জন্য গ্রহণ করা প্রকল্পগুলোর তালিকা এবং সংশ্লিষ্ট বরাদ্দপত্র, প্রকল্প বাস্তবায়ন কমিটির নথি, পরিমাপ প্রতিবেদন ও অর্থ ছাড়ের কাগজপত্রের সত্যায়িত অনুলিপি। পাশাপাশি বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণ প্রকল্পের প্রাক্কলন, বরাদ্দপত্র, টেন্ডারসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্রও তলব করা হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন বলেন, সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের বিষয়ে দুদকের একটি পত্র তিনি পেয়েছেন। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করে দুদকে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।