নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে। তিনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে ছোট ভাইকে নিয়ে রওনা হন গনি। সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-দুধমুখা সড়কের মীরের ফোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

