বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি সঠিক নয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক প্রেসব্রিফিংয়ে বলেন, গত মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরি” শিরোনামে যে সংবাদ প্রচার হয়েছে, তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে বাসভবনে কোনো চুরির ঘটনা ঘটেনি।
তিনি জানান, গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের ওয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কয়েকজন ওই তার নিয়ে যায়।
ঘটনাটি জানার পর থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে আইজিপির আত্মীয় মিজান ফকির জানান, ঝড়ের সময় সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে গেলে সুযোগ বুঝে কেউ তা নিয়ে যায়। তবে পুলিশ দ্রুত তার উদ্ধার করেছে এবং বর্তমানে বাসার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

