Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ দমনে কঠোর প্রতিমন্ত্রী: সিসি ক্যামেরার নজরদারিতে আসছে যশোর শহর

যশোর প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শহরকে আধুনিক, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে রূপান্তরের লক্ষ্যে পুরো শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি আগামী বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের গাড়ীখানা রোড থেকে এমএম আলী রোড (ব্যাগ পট্টি) পর্যন্ত ড্রেনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও আরসিসি সড়কের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই সড়ক চালু হলে শহরের যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। বিশেষ করে চিত্রা মোড় হয়ে এমএম আলী সড়কে চলাচলের চাপ কমে আসবে। একই সঙ্গে বাইসাইকেল ও মোটরসাইকেলের বিকল্প পথ তৈরি হওয়ায় প্রধান সড়কের ওপর চাপ হ্রাস পাবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে পুরো যশোর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আসবে।”

জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ, আগামী বর্ষার আগেই কাজ সম্পন্ন হবে। গত মৌসুমে মানুষ যে দুর্ভোগে পড়েছিল, তা অনেকাংশে কমে আসবে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসী যে সমর্থন দিয়েছে, তা ভবিষ্যত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নেও সহায়ক হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।