পঞ্চগড় প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
এর আগে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলাতেও একই কর্মসূচির আওতায় মানবিক সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসনভিত্তিক বরাদ্দকৃত ১০ লাখ টাকা থেকে প্রায় দুই সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। প্রতিটি উপকারভোগীকে নগদ দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এসময় আয়োজকরা জানান, প্রকৃত অসহায় ও দুস্থদের সহায়তা নিশ্চিত করতে পূর্বেই যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

