Nabadhara
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিভেজা সকালে খুলনায় ঈদ, মসজিদে মসজিদে মুসল্লির ঢল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ২১, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

রিমঝিম বৃষ্টির স্নিগ্ধ আবহে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দে মুখরিত হয়ে ওঠে খুলনা নগরী। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে, আর তাকবির ধ্বনিতে ভরে ওঠে চারপাশ। বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্মপ্রাণ মানুষ দলে দলে ছুটে আসেন ঈদের নামাজ আদায়ে।

নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সালেহ। বিপুল মুসল্লির অংশগ্রহণে জামাতটি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। একই স্থানে পরবর্তীতে সকাল ৯টা ও ১০টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিরা।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর শুরু হয় আনন্দঘন শুভেচ্ছা বিনিময়—কোলাকুলিতে ভরে ওঠে ঈদের মাঠ ও মসজিদ প্রাঙ্গণ।
এদিকে সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ ও বয়রা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খালিশপুর, বসুপাড়া, সোনাডাঙ্গা, দৌলতপুর, রূপসাসহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডেও নির্ধারিত সময় অনুযায়ী পৃথকভাবে জামাতের আয়োজন করা হয়।

নিউমার্কেট, বয়তুন-নূর জামে মসজিদ, ডাকবাংলা, ময়লাপোতা, কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, পিটিআই, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়াসহ নগরীর অসংখ্য মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সবখানেই ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা নগরজুড়ে এক অপূর্ব মিলনমেলায় রূপ নেয়।

ঈদ উপলক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, প্রতিবন্ধী কেন্দ্র ও আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা এবং স্থানীয় সংবাদপত্রগুলো প্রকাশ করে ঈদের বিশেষ সংখ্যা।

শুধু নগরী নয়, জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলেও একইভাবে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর—যেখানে বৃষ্টিও থামাতে পারেনি মানুষের আনন্দ আর ইবাদতের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।