নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলায় ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
রোববার সন্ধ্যায় কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের একটি তেলের পাম্পে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মানজারুল (৩৫) বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান সাইনবোর্ড তেলের পাম্পে প্রবেশ করলে র্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির এক পর্যায়ে গাড়ির চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর টিম ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকেই মানজারুলকে আটক করা হয়। তবে পিকআপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মানজারুল জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে উপকূলীয় জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া এই চালানটি পিরোজপুরের চালিতাখালী গ্রামের একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর কথা ছিল।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি কুদ্দুছ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

