সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ১৮৩ পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ২৬ হাজার ৮০০ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এএসআই শরিফুল, এএসআই কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের সুমন দেওয়ানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খিলগাঁও গ্রামের মৃত শামছুল দেওয়ানের ছেলে একাধিক মাদক মামলার আসামি সুমন দেওয়ান (৪৮), ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মজিদুল হাসান (৩৮), লৌহজং উপজেলার হাট নওপাড়া গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে জসিম (৪০) এবং সুরপাড়া গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে শফিক (৪০)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৩ পুড়িয়া হেরোইন ও নগদ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

