ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (নাম) নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম একই গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান তরিকুল ইসলাম। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

