নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে পৃথক দুই ঘটনায় গৃহবধূ হত্যা ও শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দুই আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। এক মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য মামলায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, ভোরে নামাজরত অবস্থায় স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। মামলায় নিহতের ছেলের সাক্ষ্যকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। তিনি বলেন, এ রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

