Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে হারানো বিড়াল ফিরে পেতে পোস্টারিং

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট)
মার্চ ৩১, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট)

দেয়ালে দেয়ালে টাঙানো হয়েছে হারানোর বিজ্ঞপ্তি। নিজের পোষা আদরের প্রিয় বিড়ালকে হারিয়ে এখন তাকে খুঁজে পেতে এলাকার বিভিন্ন স্থানে এভাবে পোস্টার লাগানো হচ্ছে। পাশাপাশি হারানো বিড়ালের সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারে।

এ বিষয়ে বিড়ালের মালিক নুসরাত জাহান নিতু জানান, চিতলমারী সদর বাজারের বাসিন্দা মৃত শামসুর রহমান খলিফা তার নানা। ঈদে তিনি ও তার ছোট ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে নানা বাড়িতে বেড়াতে এসেছেন। আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছেন আদরের পোষা দুটি বিড়াল। প্রথম ক’দিন বিড়াল দুটিকে নজরে রাখলেও তাদের চোখ ফাঁকি দিয়ে কয়েক দিন আগে বিড়াল দুটি হারিয়ে গেছে।

এখন প্রিয় বিড়ালকে হারিয়ে দিশেহারা তিনি। ছোট ভাইকে সঙ্গে নিয়ে লোকজনের বাসায় বাসায় খুঁজে ফিরছেন। কোনো উপায় না পেয়ে ভাইকে নিয়ে বিড়ালের ছবিসহ দেয়ালে দেয়ালে হারানোর বিজ্ঞপ্তির পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন।

এছাড়া নিতু আরও জানান, তার বিড়াল দুটি একটু ভীতু স্বভাবের। দেখতে অনেকটা দেশীয় প্রজাতির মনে হলেও এগুলো বিদেশি জাতের। হারানো বিড়ালের মধ্যে একটি স্ত্রী বিড়াল ও একটি পুরুষ বিড়াল রয়েছে। মা বিড়ালটির বয়স ৬ বছর, গায়ের রং ধূসর। ছেলে বিড়ালটির বয়স ৩ বছর এবং তার গায়ের রং সাদার ওপর কালো ছোপ রয়েছে।

বিড়াল দুটির কেউ যদি সন্ধান দিতে পারেন, তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে অনেকে অবাক হয়েছেন।

এ ব্যাপারে চিতলমারী ওয়াপদা রোডের বাসিন্দা ইসমাইল হোসেন খান জানান, প্রাণীর প্রতি এমন ভালোবাসার নজির খুব কমই দেখা যায়। আশপাশের লোকজনও বিষয়টি নিয়ে ভাবছে। কারও সামনে বিড়াল দু’টি পড়লে তাদের বাসায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।