রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের গজারিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাথির মন্ডল উপজেলার বহরপুর গ্রামের আবদুর বারেকের ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাহাথির মোটরসাইকেলে করে তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হুলাইল এলাকার গজারিয়া ব্রিজে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে সজোরে ধাক্কা খান। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রব তালুকদার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

