Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ সিয়াম ৪ মাস পর বেনাপোলে উদ্ধার, অপহরণ নয়—জানাল পিবিআই

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের নিখোঁজ কিশোর আলিমুর ওরফে সিয়াম (১৪)–কে চার মাস পর যশোরের বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা।

বুধবার (১ এপ্রিল) গভীর রাতে বেনাপোল পোর্ট থানা এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজের ঘটনায় কিশোরের বাবা মো. মিরাজ শেখ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ চারজনের বিরুদ্ধে অপহরণ ও অবৈধভাবে আটকে রাখার অভিযোগ এনে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআই খুলনা জেলাকে প্রদান করেন।

পিবিআই খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা বলেন, “আদালতের নির্দেশনার পর আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। আধুনিক প্রযুক্তির সহায়তায় ভিকটিমের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) গুলশান আরা শিলা বলেন, “দীর্ঘ সময় ধরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নজরদারির পর আমরা নিশ্চিত হই যে সিয়াম বেনাপোল এলাকায় অবস্থান করছে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।”

তিনি আরও জানান, “নিত্যহাট মেয়র মার্কেটের ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মালিক মো. আজাদ মাহমুদের হেফাজত থেকে সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া কিশোর আলিমুর সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, “পড়াশোনার অতিরিক্ত চাপে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই গত বছরের ২২ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাই। পরে বেনাপোল এলাকায় এসে ওই রেস্টুরেন্টে কাজ শুরু করি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই।”

এ বিষয়ে সিয়ামের বাবা মো. মিরাজ শেখ বলেন, “আমার ছেলেকে ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি। আমরা ভেবেছিলাম তাকে অপহরণ করা হয়েছে। পিবিআইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তে অপহরণের অভিযোগের পেছনের প্রকৃত ঘটনা উদঘাটিত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সিয়ামকে তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।