আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া বেড়ির হাট বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে মোহাম্মদ মিলন ও মোহাম্মদ কাদেরকে আটক করা হয়। অভিযানের সময় তাদের গুদামে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায় এবং তারা বেশি দামে ডিজেল বিক্রির বিষয়টি স্বীকার করেন। এছাড়া তাদের দোকানে জ্বালানি তেলের কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উভয়কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।”
এদিকে স্থানীয় ক্রেতা ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজারে ডিজেলের দাম বেশি নেওয়া হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন অভিযান নিয়মিত হলে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নেওয়ার সাহস পাবে না এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

