হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ঐতিহাসিক ‘জিয়ার খাল’ দীর্ঘদিন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছিল। তৎকালীন সরকারের সময় যথাযথ সংস্কার না হওয়ায় খালটি নষ্টের মুখে পড়লেও বর্তমানে নতুন করে খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।
এ সংক্রান্ত কাজ পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার দুপুরে তিনি খালটি পরিদর্শনে গিয়ে স্থানীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে উলাশীর এই খাল খনন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। খালপাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করতে হবে।” তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্বোধনকৃত খাল সংশ্লিষ্ট স্থাপনা ও ভিত্তি স্তম্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে খালটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

