ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জমি পরিমাপের উদ্যোগ নেন। তবে পরিমাপের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
এক পর্যায়ে দুই পক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উত্তেজিত লোকজন স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
সংঘর্ষে আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে গুরুতর অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

