জামালপুর প্রতিনিধি
জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ-সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ-সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টুসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জামালপুরের গণপরিবহন, বিশেষ করে বাস সেবা, মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে যাত্রীদের নিয়মিত হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। সনাকের আন্দোলনের ফলে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ।
তারা আরও বলেন, প্রায় ২৬ লাখ মানুষের জেলার জন্য বর্তমান বাস সেবা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা টেকসই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাস ও রেল সেবায় বিদ্যমান অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

