জামালপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের গেটপাড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহমেদ খান লোটন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল কোনো সাধারণ রাজনৈতিক সংগঠন নয়। এটি স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি অগ্রগামী সংগঠন। আগামী দিনেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে গেটপাড় এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

