অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় পড়া না পাড়ায় রুমানা আক্তার (১২) নামের এক অষ্টম শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষক অর্পন হালদারের বিরুদ্ধে।
এঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জ্ঞান ফেরার পর ওই শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষক তাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে বলেন। দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তার মাথায় হাত দিয়ে স্বজোরে বেশ কয়েকটি আঘাত করেন শিক্ষক অর্পন। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।
পরে তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, কোন শিক্ষার্থীকে শাররিকভাবে আহত করার বিধান নেই। তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হইবে।

