Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কেয়ারটেকারকে নির্যাতনের অভিযোগ: ডিবি পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবি

পিরোজপুর প্রতিনিধি 
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে কেয়ারটেকার মো. ইউনুস ফকির (৪০)কে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। টাকা চুরির অভিযোগে তাকে আটক করে মারধর ও অমানবিক নির্যাতন করা হয় বলে দাবি ভুক্তভোগীর। তবে পরে অন্য এক কর্মীর কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে পুরো ঘটনাকে ঘিরে।

জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। বিষয়টি কয়েকদিন গোপন থাকলেও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তা প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী ইউনুস ফকির জানান, তিনি দীর্ঘদিন ধরে পুলিশ কর্মকর্তাদের মেসে কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের কক্ষের একটি চাবি তার কাছে ছিল। সোমবার দুপুরে হঠাৎ ওই কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইউনুস অভিযোগ করেন, তিনি চুরির কথা অস্বীকার করলে তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিচতলায় নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে ডিবি পুলিশের আরও কয়েকজন সদস্য এসে তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং বিদ্যুৎ শক দেয়। এক পর্যায়ে নির্যাতনের মুখে তিনি টাকা ফেরত দেওয়ার কথা বলতে বাধ্য হন।

পরবর্তীতে তাকে গ্রামে নিয়ে গিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেন তিনি। এরপরও তাকে আবার মেসে এনে নির্যাতন করা হয়।

ঘটনার একপর্যায়ে পুলিশ সুপারের কাছে নেওয়া হলে অন্য এক কর্মী জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে এবং টাকা উদ্ধার করা হয়। পরে ইউনুসের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

এদিকে চিকিৎসা নিয়েও জটিলতার অভিযোগ রয়েছে। ইউনুস দাবি করেন, তাকে প্রকৃত ঘটনা গোপন রাখতে চাপ দেওয়া হয় এবং ভিন্ন তথ্য বলতে বাধ্য করা হয়। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ইউনুসের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। তার ভাই আনিসুর রহমান বলেন, “এভাবে কাউকে নির্যাতন করা মানবিকতার পরিপন্থী। আমরা এর বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিবি কর্মকর্তা আরিফুল ইসলাম ছুটিতে আছেন জানিয়ে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপারের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।