Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে গণঅনশন, দ্বিতীয় দিনেও প্রশাসনের সাড়া নেই

আমতলী (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে সচেতন নাগরিকদের উদ্যোগে শুরু হওয়া গণঅনশন দ্বিতীয় দিনেও শেষ হয়েছে কোনো দৃশ্যমান সরকারি সাড়া ছাড়াই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল পয়েন্টে এ গণঅনশন শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হলেও সরকারি কোনো দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত হয়ে দাবির পক্ষে সংহতি জানাননি বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

জানা গেছে, প্রায় ২৯৩.৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা-কুয়াকাটা মহাসড়কটির ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ২০৫ কিলোমিটার অংশ এখনো সরু ও ঝুঁকিপূর্ণ। পদ্মা সেতু চালুর পর এ সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেলেও সড়কটি এখনো চার লেনে উন্নীত হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের অক্টোবরে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন পেলেও দীর্ঘ ৮ বছরেও কাজ শুরু হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী অংশে শতাধিক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সর্বশেষ ১৪ এপ্রিল ট্রাকচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

গণঅনশনে অংশ নেওয়া শিক্ষক একেএম জিল্লুর রহমান ও নাশির মাহমুদ বলেন, “প্রতিবছর এই সড়কে অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। আর কত প্রাণ গেলে সরকার এ সড়কটি চার লেনে উন্নীত করবে? দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

বরগুনা জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান মোমেন আকন বলেন, “দুই দিন ধরে গণঅনশন চললেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “সচেতন নাগরিকদের এই কর্মসূচির বিষয়টি আমরা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আগামীকাল গণঅনশনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করা হবে।”

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, “ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করা দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে।”

এদিকে, দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।