ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ও চুরির চেষ্টা। প্রায় প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। রাত নামলেই আতঙ্কে থাকছেন সাধারণ মানুষ। একের পর এক বসতবাড়ি, বিদ্যুতের সার্ভিস তার, টিউবওয়েল, নির্মাণাধীন ভবনের লোহার রড, ব্যবসা প্রতিষ্ঠানসহ কৃষকের গরু-ছাগল চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সুযোগ বুঝে ঘরে ঢুকে মালামাল নিয়ে যাচ্ছে। কোথাও বিদ্যুতের তার কেটে নেওয়া হচ্ছে, কোথাও টিউবওয়েল খুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও নির্মাণ সামগ্রী চুরি হচ্ছে।
গত ১৫ এপ্রিল দিবাগত রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবের বাসায় বড় ধরনের চুরির ঘটনা ঘটে। তিনি ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমিরা থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এর আগের রাতেই (১৪ এপ্রিল) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। কয়েকটি বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইনের তার কেটে ফেলে চোরেরা। বাড়ির লোকজন টের পেয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। একই এলাকায় একটি বাড়ি থেকে টিউবওয়েল খুলে নেওয়ার ঘটনাও ঘটে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক নির্মাণাধীন ভবনের ছাদের রড কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামে কৃষক লোকমান সিকদারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনাও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এদিকে গৌরীপুর ইউনিয়নে একটি মন্দির থেকে দানের টাকা ও পিতলের সামগ্রী চুরি এবং এক শিক্ষকের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরির ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে বিচ্ছিন্নভাবে চুরির ঘটনা ঘটলেও বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকেই এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। চোর আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, বিভিন্ন এলাকার ভাঙারি দোকানগুলোর ওপর নজরদারি বাড়ালে চোরচক্রের মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হতে পারে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, চুরি প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। কোথাও চুরির ঘটনা ঘটলে দ্রুত থানায় জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

