Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ডাকাতি শেষে পালানোর সময় ৪ ডাকাত আটক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে পালানোর সময় চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সিকির বাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের পরিচয়ে চার ব্যক্তি তাদের জিম্মি করে তুলে নেয়।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন দ্রুত চারদিকে খবর ছড়িয়ে দেয়। এদিকে ডাকাতরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিকে পালানোর চেষ্টা করলে কৃষ্ণ কর্মকারের পরিবারের সদস্যরা পয়সারহাটের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় মাইক্রোবাসটির গতিরোধ করা হয়।

পালানোর সময় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়া এলাকায় ঢুকে পড়লে দুই দিক থেকে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে চারজনকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।

আটককৃতরা হলো—বরিশালের উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩) এবং বরগুনার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)।

পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে শুক্রবার আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশ রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইসগেট এলাকা থেকে র‍্যাবের পোশাক, একটি হাতকড়া এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।