নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন বছরের শিশু সন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি মামলার অজ্ঞাতনামা আসামিদের একজন বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (২৮) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জননী। ঘটনার বাদী তার বাবা মো. রিয়াজ উদ্দিন। মামলায় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে কাজল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্য অনুসারে, গত ২০ এপ্রিল (সোমবার) তিনি তিন বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে শাশুড়ির সঙ্গে দেখা করতে ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ভুলবশত নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন। রাত হয়ে যাওয়ায় পথ হারিয়ে ফেলেন। এ সময় কয়েকজন লোক তার কাছ থেকে ঠিকানা জেনে শাশুড়ির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়।
পরে তাকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে একটি নির্জন বিলের ধারে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আরও দুজন তাকে বিলের কাছে একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। পুরো সময় তার তিন বছরের শিশু সন্তান কাছেই ছিল। এ ঘটনায় নারী গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পাঁচদিন পর গত ২৫ এপ্রিল (শনিবার) দুপুরে স্থানীয় এক ব্যক্তির আশ্রয় থেকে ভুক্তভোগী নারী ও তার সন্তানকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় নারী রক্তক্ষরণসহ গুরুতর অসুস্থ ছিলেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ও শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

