যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে পৃথক অভিযানে মাদক সেবন ও কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কোটা গ্রামের আসলাম খানের ছেলে সবুজ খান (২৮), গুয়াখোলা গ্রামের মৃত সাহাবুদ্দিন শেখের মেয়ে সখিনা বেগম (৫০), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে সান্টু হাওলাদার (৩৭), একই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং গুয়াখোলা গ্রামের সোহেল খার ছেলে রাসেল খা (২৬)।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, উপজেলার কোটা, গুয়াখোলা ও নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে আটক করা হয়। অপরদিকে অভয়নগর থানা পুলিশ পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চারজন এবং পুলিশ একজনসহ মোট পাঁচজনকে আদালতে সোপর্দ করে।
বিচারক আশীষ কুমার বসু বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

