মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন (৪৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে শহরের শেখপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত গোলাম হোসেন শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গোলাম হোসেন তার রিকশা নিয়ে প্রতিবেশী কালু মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন ও কালু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বাকবিতণ্ডা উত্তপ্ত হয়ে উঠলে কালু মিয়া ঘর থেকে একটি ধারালো দা এনে গোলাম হোসেনের ওপর এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত কালু মিয়া এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে এটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

