কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কার্যক্রমে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসের উদ্দিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দীন এবং কমিটির সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম যৌথভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, শিক্ষকতার গুণগত মান, শ্রেণিকক্ষে পাঠদান দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন শামসের উদ্দিন।
সহকর্মীরা জানান, তার আধুনিক পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ বিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন এনেছে।
নিজের অনুভূতি প্রকাশ করে শামসের উদ্দিন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফল এটি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) জেসমিন আরা সুলতানা বলেন, “শামসের উদ্দিন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি শুধু পাঠদানেই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিদ্যালয়ের ৭০৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষকের পরিবারে তার অবদান অনস্বীকার্য।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার হোসেন বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত যত শক্তিশালী হবে, দেশ তত এগিয়ে যাবে। শামসের উদ্দিন সেই ভিত গড়ার একজন দক্ষ কারিগর।”
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি রিফাত নূর মৌসুম বলেন, “একজন আদর্শ শিক্ষক একটি প্রজন্মকে বদলে দিতে পারেন। শামসের উদ্দিন আজ আলফাডাঙ্গার শিক্ষাক্ষেত্রে সেই আলোকবর্তিকা। তার এই অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”

